অকুপেন্সি সনদ ছাড়াই বসবাসের কারনে রাজউকের উচ্ছেদ অভিযানের প্রস্তুতি
নার্গিস রুবি:
রাজধানীর মিরপুর-১ এলাকার উত্তর-পূর্ব দারুস সালাম রোডে অবস্থিত একটি ১০ তলা ভবন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাড়ি নং-৭৭/ঘ (শাহাআলী বাগ, কম্বাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের বিপরীতে) অবস্থিত ভবনটি অনুমোদিত নকশা লঙ্ঘন করে চারপাশে নির্ধারিত সীমানা ছাড় (setback) না মেনে নির্মাণ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ভবনটি নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অনুমোদিত নকশার শর্তাবলী উপেক্ষা করে অতিরিক্ত ফ্লোর স্পেস ব্যবহার, পার্শ্ববর্তী জমির নির্ধারিত দূরত্ব বজায় না রাখা এবং বায়ু চলাচল ও প্রাকৃতিক আলোর প্রবাহ ব্যাহত করার মতো গুরুতর ব্যত্যয় ঘটানো হয়েছে। এর ফলে পাশের ভবনগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে, অগ্নি-নিরাপত্তা ও জরুরি প্রবেশপথ সংকুচিত হয়ে পড়েছে এবং অতিরিক্ত জনসংখ্যার চাপের কারণে এলাকার অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরও রাজউকের কাছ থেকে বাধ্যতামূলক অকুপেন্সি সার্টিফিকেট (Occupancy Certificate) গ্রহণ না করেই এতে বসবাস শুরু করা হয়েছে। আইন অনুযায়ী, অকুপেন্সি সনদ ছাড়া কোনো ভবনে বসবাস সম্পূর্ণ অবৈধ এবং তা বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে রাজউকের জোন ৩/২-এর ইমারত পরিদর্শক আলীনূর বলেন, “ভবনটির বিরুদ্ধে নকশা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে খুব দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”
তবে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসার মাসুক আহমেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভবন মালিকের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অনিয়ম শুধু আইন লঙ্ঘনই নয়, বরং রাজধানীর পরিকল্পিত নগরায়ণের জন্য মারাত্মক হুমকি। যথাযথ তদারকি ও কঠোর আইন প্রয়োগ নিশ্চিত না হলে এ ধরনের অনিয়ম আরও বাড়তে পারে।
রাজউক সূত্রে জানা যায়, ইমারত নির্মাণ আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত নকশা লঙ্ঘন, নির্ধারিত setback না রাখা এবং অকুপেন্সি সনদ ছাড়া বসবাসের ক্ষেত্রে জরিমানা আরোপ, গ্যাস-বিদ্যুৎ-পানিসহ সেবা সংযোগ বিচ্ছিন্ন করা এবং প্রয়োজনে অবৈধ অংশ উচ্ছেদের বিধান রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হয়।