রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
মোঃ শাহীন হাওলাদার
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ গাবতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ জুন) ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পেছনে থাকা একটি বসতবাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় নয়ন শেখের দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে পানির উৎস কিছুটা দূরে থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে আগুনের শিখা একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন মো. আজিজ খান, আসাদুল খান, নয়ন শেখ, আলম মৃধা ও শামীম হাওলাদার। এছাড়া দোকানগুলোতে ভাড়াটিয়া হিসেবে ব্যবসা পরিচালনা করতেন সুমি বেগম ও সাইদুর রহমান।
ক্ষতিগ্রস্তদের মধ্যে সবচেয়ে করুণ অবস্থায় পড়েছেন ভাড়াটিয়া বিধবা নারী সুমি বেগম। আগুনে তার ব্যবসার সব মালামাল পুড়ে যাওয়ায় তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। ঘটনাস্থলে তার কান্না ও আহাজারি উপস্থিত মানুষের হৃদয় স্পর্শ করে। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি এখন দিশেহারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের কষ্টার্জিত পুঁজি ও মালামাল মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়েছে। তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন পুনর্বাসন ও সহযোগিতার আশায় দিন গুনছে।