শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম চন্দনাইশ হাশিমপুরে দুর্বৃত্তরা গোয়াল ঘরে আগুন দেয়ায় পুড়েছে ৭ গরু মরেছে-১। গত ২৩ জুলাই দিবাগত রাতে মোঃ মোস্তাক মিয়ার গোয়াল ঘরে এই ঘটনা ঘটে। ৬টি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
জানা যায়, উপজেলার হাশিমপুরে পূর্ব ছৈয়দাবাদে ঋণগ্রস্ত কৃষক মো. মোস্তাক মিয়ার গোয়াল ঘরে রাতের আঁধারে আগুন দিয়ে পালিত ৭টি গরু পুড়ে মারার চক্রান্ত করে। কিছুক্ষণ গোয়াল ঘরে আগুন জ্বলার পর মোস্তাকের ঘুম ভাঙলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মোস্তাকের ৮৫ হাজার টাকা মূল্যের দুধেল গাভী পুড়ে মারা যায়। এ সময় গোয়াল ঘরের থাকা লক্ষাধিক টাকা মূল্যের বাচ্চাসহ দুধেল গাভী, ৮০ হাজার টাকা মূল্যের গর্ভবতী গাভী, ১৫ হাজার টাকা মূল্যের বাছুর, ১ লক্ষ ২০ হাজার মূল্যের আরো ২টি গাভী পুড়ে আহত হওয়ায় তার ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন বলে জানান। পুড়ে যাওয়া ৬টি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এসকল আহত গরুগুলোকে স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক চিকিৎসা দেন বলে জানিয়েছেন মোস্তাক মিয়া। তিনি বলেন, তার সাথে শত্রুতা থাকলে আমানপোষ গরুর উপর কেন এই প্রতিশোধ নিল? এর বিচার আল্লাহ করবে। তিনি বলেন ৪টি এনজিও থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ঋণ নিয়ে গরুগুলো ক্রয় করে দুধ বিক্রির মাধ্যমে সাপ্তাহিক ৬ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। এখন গরুগুলো পুড়ে যাওয়ায় দুধ সংগ্রহ করা না গেলে কিস্তি চালানো সম্ভব হবে না বলে জানান। গতকাল ২৪ জুলাই সকালে খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেছেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।