বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
এস কে শফিকুল ইসলাম
মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি :
আসন্ন ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই তীব্র হয়ে উঠছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কে দলীয় সমর্থন পাবেন, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রাথমিকভাবে সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবদল নেতা মো. আবু সালেহ খান দলীয় সমর্থনের আলোচনায় অন্যতম আলোচিত নাম।
মো:আবু সালেহ খান মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং সদ্য সাবেক মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখায় তিনি এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগেও তার অংশগ্রহণের কথা স্থানীয়রা উল্লেখ করেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, যদি দল ত্যাগী, কর্মীবান্ধব ও সাংগঠনিকভাবে পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করে, তাহলে মো. আবু সালেহ খান দলীয় সমর্থনের ক্ষেত্রে শক্ত অবস্থানে থাকতে পারেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি।
ভোটারদের প্রত্যাশা, নির্বাচনে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত হলে খাউলিয়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং যুবসমাজের কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় সভা ও সামাজিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে ভোটারদের আগ্রহ এবং নির্বাচনী আলোচনা।