বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
মোরেলগঞ্জ প্রতিনিধি:
সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজে সম্প্রতি অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং কলেজের স্বাভাবিক পরিবেশ বিনষ্টের অভিযোগ তুলে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে কলেজ ছাত্রদল।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অধ্যক্ষের অনুমতিক্রমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় এবং এতে কোনো সাধারণ শিক্ষার্থীকে জোরপূর্বক অংশগ্রহণ করানো হয়নি। তবে পরবর্তীতে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ করা হয়। পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টার অভিযোগও তুলে ধরা হয়।
এছাড়া কলেজের শিক্ষার্থী আলাউদ্দিন ফরাজীর কর্মসংস্থান ও ব্যক্তিগত বিষয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে কলেজের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাংগঠনিক ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়।
স্মারকলিপিতে বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিটি সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষের নিকট জমা দেওয়া হয়।