শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
মোঃ শাহীন হাওলাদার
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকা শরণখোলায় ছুটে এলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল আলিম। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।শরণখোলায় পৌঁছে প্রথমেই ঝাড়ু হাতে সড়ক পরিষ্কার কার্যক্রমে অংশ নেন এমপি। পরে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সমস্যা ডাক্তার সংকট,নার্স সংকট,স্টাফ স্বল্পতা এবং পরিচ্ছন্নতা কর্মীর ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এমপি আব্দুল আলিম এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন,শরণখোলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যা যা করা দরকার, তা অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শরণখোলায় মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।এছাড়া বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এলাকায় জলদস্যুতা রোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন এমপি। তিনি বলেন, “সুন্দরবনকে সম্পূর্ণ জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।এমপি অধ্যক্ষ আব্দুল আলিমের এ ধরনের সরেজমিন কার্যক্রম ও তৎপরতা স্থানীয় জনগণের মাঝে আশাবাদ সৃষ্টি করেছে। এলাকাবাসী মনে করছেন, তার সক্রিয় উদ্যোগে শরণখোলার স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।