সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারইখালী ১০৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদার সৃষ্টি হওয়ায় বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চলাচলেও ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে রওশনারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, মোরেলগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এবং মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ ফরাজীর উদ্যোগ ও নিজ তত্ত্বাবধানে সড়কটির সাময়িক সংস্কারকাজ শুরু হয়েছে।
সংস্কারকাজের আওতায় সড়কের বড় বড় গর্ত ভরাট, উঁচু-নিচু অংশ সমতলকরণ এবং চলাচলের উপযোগী করে তোলার কাজ করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজন থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ উদ্যোগের ফলে আপাতত সাধারণ মানুষের চলাচল অনেকটাই সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংস্কারকাজ পরিদর্শনের সময় মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। তারা বলেন, জনগণের সমস্যা সমাধানে সবসময় পাশে থাকা এবং জনস্বার্থে কাজ করাই তাদের অঙ্গীকার।
স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানান। তাদের মতে, স্থায়ীভাবে সড়কটি সংস্কার করা হলে শিক্ষার্থীসহ হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।