শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নার্গিস রুবি:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মিরপুরের পল্লবী এলাকায় অনুমোদনবিহীন ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছে। সম্প্রতি রাজউকের জোন-৩, মহাখালী জোনাল অফিস থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, পল্লবী থানা এলাকায় ফ্ল্যাট নং-৩৬/১২, পল্লবী, মিরপুর, ঢাকার এস এম কে বিল্ডার্স লি: এর ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক একটি ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে যা রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই পরিচালিত হচ্ছে।
নোটিশে উল্লেখ করা হয়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং তৎসংশোধনী আইনের ৭(১) ধারা অনুযায়ী নির্মাণ শুরুর আগে অনুমোদিত নকশা জমা দেওয়া এবং জাতীয় পর্যায়ে কর পরিশোধ সংক্রান্ত নথি দাখিল বাধ্যতামূলক। কিন্তু অভিযুক্ত মালিক বা কর্তৃপক্ষ কোনো প্রকার অনুমোদিত নকশা জমা দেয়নি, যা স্পষ্টভাবে আইন লঙ্ঘনের শামিল।
রাজউকের ৩/১ জোনের অথরাইজড অফিসার শেখ মাহাব্বির রনি স্বাক্ষরিত নোটিশে ভবন মালিককে ৭ দিনের মধ্যে অনুমোদিত নকশা জমা দেওয়া অথবা অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় রাজউক আইন অনুযায়ী উচ্ছেদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে রাজউকের ইমারত পরিদর্শক ও অথরাইজড অফিসার জানিয়েছেন, অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নগর পরিকল্পনার জন্য হুমকি এবং বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আইনানুগ অনুমতি ছাড়া কোনো নির্মাণকাজ করলে দ্রুত ব্যবস্থা গ্রহনের অংশ হিসেবে এস এম কে বিল্ডার্স লি: এর ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশের অনুলিপি ইতোমধ্যে বিভিন্ন সরকারি সংস্থা, ডেসকো, তিতাস গ্যাস, ওয়াসা, পুলিশ এবং অন্যান্য সেবাদানকারী সংস্থাকে পাঠানো হয়েছে যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।
রাজউকের এ উদ্যোগকে নগর বিশেষজ্ঞরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এ ধরনের কঠোর অবস্থান রাজধানীতে নকশা লঙ্ঘন এবং অনিয়ম রোধে সহায়ক হবে।
নগর পরিকল্পনার শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ বসবাস নিশ্চিত করতে রাজউক নিয়মিতভাবে অনুমোদনবিহীন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। ভবন মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা আইন মেনে নকশা অনুমোদনের পরেই নির্মাণকাজ শুরু করেন।