বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
খুবি প্রতিনিধি:
ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে খুলনায় মা ও গৃহিণীদের নিয়ে মিডিয়া ও তথ্য সাক্ষরতা (Media and Information Literacy-MIL) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে নগরীর সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে MILNetBD Action Project Team, খুলনা বিশ্ববিদ্যালয়। কর্মশালাটি UN Electoral BALLOT Project-এর “Youth-Focused Media and Information Literacy for an Informed Bangladesh” উদ্যোগের আওতায় UNESCO Dhaka, Department of Information Studies, East West University এবং MILNetBD-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী মা ও গৃহিণীদের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), সমালোচনামূলক চিন্তাভাবনা, দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ও সচেতন ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি তথ্য গ্রহণ ও শেয়ারের আগে তার সত্যতা যাচাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মশালায় সমালোচনামূলক চিন্তার বিকাশ, সচেতনভাবে গণমাধ্যম ব্যবহারের অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্বশীল ডিজিটাল নাগরিক তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালার সমন্বয়কারী মিফতাহুল ইসলাম মাহিন বলেন, “ডিজিটাল যুগে তথ্যের সহজলভ্যতার পাশাপাশি ভুয়া তথ্যও দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই মিডিয়া ও তথ্য সাক্ষরতা এখন একটি অপরিহার্য জীবনদক্ষতা। বিশেষ করে মা ও গৃহিণীরা পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের তথ্য যাচাইয়ের সক্ষমতা বৃদ্ধি পেলে পরিবার ও সমাজে সঠিক তথ্য চর্চার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।”
কর্মশালায় অংশ নেওয়া শ্রাবণী বেগম বলেন, “এই প্রশিক্ষণ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দেখলেই তা যাচাই করার চেষ্টা করব এবং নিশ্চিত না হয়ে কোনো তথ্য শেয়ার করব না।”
ডিজিটাল যুগে তথ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভুয়া তথ্য মোকাবিলা এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিক গড়ে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।