শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
এস কে শফিকুল
মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি
জাপানে শিক্ষা-প্রযুক্তি রূপান্তর কর্মসূচিতে বাউবি উপাচার্যের অংশগ্রহণ
বাংলাদেশের উন্মুক্ত ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার অগ্রযাত্রা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে জাপানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
পাঁচ দিনব্যাপী “The Journey of Digital Transformation of Education in Bangladesh Program” শীর্ষক আন্তর্জাতিক কর্মসূচিতে যোগ দিতে ১ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকা ত্যাগ করেন বাউবি উপাচার্য। এই অনুষ্ঠানটি জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা যৌথভাবে আয়োজন করেছে CEMCA–COL এবং Hiroshima Public University।
অনুষ্ঠানে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বিশেষ অতিথি বক্তা হিসেবে অংশ নিচ্ছেন। তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা ও ডিজিটাল শিক্ষাব্যবস্থার রূপান্তর, উন্মুক্ত শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাউবির উদ্ভাবনী কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন।
উপাচার্যের সফরসঙ্গী হিসেবে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের যুগ্ম পরিচালক জনাব সোহেল আহমেদ অংশ নিচ্ছেন। উপাচার্যের বিদেশ সফরকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন।
শিক্ষা ডিজিটালাইজেশনের বৈশ্বিক যাত্রায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে এই সফরকে দেশের উচ্চশিক্ষা খাতের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে দেখা হচ্ছে।