বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
এস কে শফিকুল ইসলাম
রাজধানীর মহাখালী টিএন্ডটি খেলার মাঠে মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় বিএনপির প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
জানা গেছে, দেশের অসহায় ও নারীপ্রধান পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা জোরদার এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রথম ধাপে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলো বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক সহায়তা পাওয়ার সুযোগ পাবে। পর্যায়ক্রমে দেশের আরও অনেক জেলায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলেও জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপির এই উদ্যোগ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করবে।