শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি,
তরুণদের তথ্য যাচাই, দায়িত্বশীল মতপ্রকাশ এবং গঠনমূলক সংলাপে দক্ষ করে তুলতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী এক বুটক্যাম্প। ওয়েভ ফাউন্ডেশন ও ডয়েচে ভেলে একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) যুব ভলান্টিয়াররা অংশ নেন।
“Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পের আওতায় আয়োজিত “MIL, Digital Safety and Constructive Dialogue with CSO Youth Members” শীর্ষক বুটক্যাম্পটি ১৯ মে খুলনার হোটেল সিটি ইন-এ শুরু হয়ে ২১ মে শেষ হয়। এতে পরিবর্তন-খুলনা, দলিত এবং রঙমহল ফর ইয়ুথ এই তিনটি সংগঠনের মোট ৩০ জন যুব ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম। তিনি বলেন, “কোথাও নেতিবাচক কিছু ঘটছে বলে আমাদেরও নেতিবাচক হতে হবে – এমন নয়। বরং অনলাইনে মানুষকে ইতিবাচক ও সচেতনতামূলক বিষয়ের প্রতি অনুপ্রাণিত করতে হবে।”
তিনি আরও বলেন, “যাচাই-বাছাই না করে কোনো তথ্য শেয়ার, লাইক বা রিঅ্যাক্ট করা উচিত নয়। একজন দায়িত্বশীল ডিজিটাল নাগরিকের পরিচয় হলো সচেতনভাবে তথ্য গ্রহণ ও প্রচার করা। সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ক্ষতিকর কোনো প্রবণতা তৈরি হয়, তখন তরুণদের উচিত তার বিপরীতে ইতিবাচক একটি ধারা গড়ে তোলা।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের সত্য ও মিথ্যা তথ্য শনাক্ত করার সক্ষমতা বাড়াবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও গুজব সম্পর্কে আরও সচেতন করে তুলবে।
সমাপনী দিনে ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি বলেন, এই প্রশিক্ষণ তরুণদের মিডিয়া ও তথ্য সাক্ষরতা (MIL), ডিজিটাল নিরাপত্তা এবং সঠিক তথ্য ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অংশগ্রহণকারীরা গঠনমূলক সংলাপের মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়ে নিজেদের মতামত কার্যকরভাবে তুলে ধরতে সক্ষম হবে।
ডয়েচে ভেলে একাডেমির প্রশিক্ষক মাসফিক মিজানের তত্ত্বাবধানে পাঁচজন ফেলো কর্মসূচিটি পরিচালনা করেন। প্রশিক্ষণে misinformation, বিদ্বেষমূলক বক্তব্য, অনলাইন হয়রানি, গুজব এবং নারীদের বিরুদ্ধে ডক্সিংয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় মিডিয়া ও তথ্য সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা এবং গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়া অংশগ্রহণকারীরা তথ্য যাচাই, দায়িত্বশীল মতপ্রকাশ এবং অনলাইন প্ল্যাটফর্মে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
এসময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি, কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার সাইফুর রহমান, রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট সাজ্জাদুল করিম, প্রকল্প সমন্বয়কারী মোঃ নাজমুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর আলাউদ্দিন শাওন, জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান এবং কমিউনিকেশন অ্যাসোসিয়েট সুমাইয়া আক্তারসহ অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর যৌথ অর্থায়নে পরিচালিত “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পটি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে বাস্তবায়িত হবে। প্রকল্পটির লক্ষ্য তরুণ ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।